নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছে, এখন তারাই এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যাতে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিকেল ৪টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশের জন্য নয়াপল্টন কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়।
মির্জা ফখরুল ইউনূস সরকার সম্পর্কে বলেন, দুর্ভাগ্যজনকভাবে, যাদের আমরা আন্তরিকভাবে সমর্থন দিয়েছি, সেই অন্তর্বর্তী সরকার এখন এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যা নির্বাচনে বাধা সৃষ্টি করছে। কিছু রাজনৈতিক দল গণভোটের দাবিতে চাপ দিচ্ছে তারা আসলে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি গণভোট হয়, সেটি নির্বাচনের দিনেই হতে হবে।
তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল ও তাদের জোট বিভিন্নভাবে দাবি করছে যে নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক। কিন্তু আমরা বলেছি, নির্বাচনের আগে নয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। কারণ আলাদা দুই দিনে ভোট আয়োজন করলে বিপুল অর্থব্যয় হবে।’
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকও বক্তব্য দেন। সমাবেশটি পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
