বক্তৃতায় ‘জয় বাংলা’ বলে মনোনয়ন হারালেন মাদারীপুর-১ বিএনপি প্রার্থী

বক্তৃতায় ‘জয় বাংলা’ বলে মনোনয়ন হারালেন মাদারীপুর-১ বিএনপি প্রার্থী
শেয়ার করুন

স্টাফ করেসপন্ডেন্ট

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সেখানেই কামাল জামান মোল্লার নামও ছিল। তবে পরদিনই তার মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত জানায় বিএনপি।

দলটি মনোনয়ন স্থগিতের কারণ উল্লেখ না করলেও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়াই এর পেছনের কারণ।

মনোনয়ন ঘোষণার পর কামাল জামান মোল্লার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনি বলেন, “আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।” এরপরই তিনি জিহ্বায় কামড় দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। কিছুক্ষণ পরই দলীয় সূত্রে তার মনোনয়ন স্থগিতের খবর নিশ্চিত হয়।

Visited 21 times, 1 visit(s) today