আন্দোলনরত ক্লাবগুলোকে পাল্টা হুমকি দিল বিসিবি

আন্দোলনরত ক্লাবগুলোকে পাল্টা হুমকি দিল বিসিবি
শেয়ার করুন

ঢাকাভিত্তিক কয়েকটি ক্লাব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত হয়েছে। গতকাল ক্লাবগুলো এক যৌথ চিঠিতে সব লিগ বর্জনের হুমকি দেয়, আর তার পাল্টা জবাবে বিসিবি নিয়মে নতুন ধারা সংযোজন করে জানিয়েছে—অংশগ্রহণ না করলে দলগুলোকে সরাসরি অবনমনের মুখে পড়তে হবে।

মোট ৪৩টি ঢাকাভিত্তিক ক্লাব চারটি বিভাগের হয়ে বিসিবিকে চিঠি দিয়েছে। সোমবার ধানমন্ডিতে এক বৈঠকের পর ক্লাবগুলো এই সিদ্ধান্ত জানায়। তারা অভিযোগ করেছে, সাম্প্রতিক বিসিবি নির্বাচনে নানা অনিয়ম হয়েছে এবং বর্তমান প্রশাসনের অধীনে আয়োজিত সব লিগ থেকে তারা বিরত থাকবে।

চিঠিতে সই করেছে প্রিমিয়ার ডিভিশনের ৮টি, প্রথম ডিভিশনের ৮টি, দ্বিতীয় ডিভিশনের ১২টি এবং তৃতীয় ডিভিশনের ১৫টি ক্লাব। চিঠিটি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর কাছে পাঠানো হয়।

লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুতফর রহমান বাদল বলেন, “আমরা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি, এই পদক্ষেপে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিস্থিতি যাই হোক, সবাই একসঙ্গে চলব।”

চিঠিতে বলা হয়েছে, ক্লাবগুলো গত ২২ অক্টোবর বিসিবি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে, যেখানে “গুরুতর অনিয়ম ও প্রক্রিয়াগত লঙ্ঘনের” অভিযোগ তোলা হয়েছে। তারা বর্তমান বোর্ড ভেঙে দিয়ে নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

এর কয়েক ঘণ্টা পরই বিসিবি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতায় থাকা সব লিগের নিয়ম, বিধি ও খেলার শর্তে নতুন একটি ধারা সংযোজনের ঘোষণা দেয়। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “যদি কোনো দল সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংশ নিতে ব্যর্থ হয়, কিংবা টুর্নামেন্ট শুরু হওয়ার পর সরে দাঁড়ায়, তবে সংশ্লিষ্ট দলটি তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষিত হবে এবং অবনমনের আওতায় পড়বে।”

এই অচলাবস্থার প্রভাব পড়তে পারে আসন্ন প্রথম বিভাগ ক্রিকেট লিগে, ১৮ নভেম্বর শুরুতে হতে যাওয়া লিগে অংশ নেয়ার কথা ২০ ক্লাবের। কিন্তু ক্লাবগুলো বর্জন করলে তা ১২ দলের আসরে পরিণত হতে পারে। প্রচুর ক্রিকেটার তখন বঞ্চিত হবেন খেলা থেকে।

Visited 10 times, 1 visit(s) today