মিছিল থেকে আটক করে ছাত্রলীগ নেতাকর্মীদের থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ

মিছিল থেকে আটক করে ছাত্রলীগ নেতাকর্মীদের থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবদেক

আজ জুমার নামাজ শেষে ঢাকাজুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দনিয়া কলেজ, শনির আখড়া, যাত্রাবাড়ি, গুলিস্তান, ধানমন্ডি, উত্তরা ও তেজগাঁওসহ প্রায় ৪০টি স্থানে একযোগে এই মিছিল বের হয়।

মিছিলগুলোতে অংশগ্রহণকারী নেতা–কর্মীরা “অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ”, “দমন–পীড়ন ও নির্যাতনের অবসান” এবং “নেতা–কর্মীদের জেলে হত্যা বন্ধের দাবি” জানিয়ে স্লোগান দেন। পুরো রাজধানীজুড়ে প্রতিধ্বনিত হয়— “জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!”, “হটাও ইউনুস, বাঁচাও দেশ!”

বিক্ষোভ চলাকালে ধানমন্ডি ও তেজগাঁও এলাকায় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে ছত্রভঙ্গ হওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে ধরে নিয়ে যায়।

আটককৃতদের মধ্যে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি বারিকুল ইসলাম বাঁধন ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন হোসেন। পরে তাদের থানায় শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন বলেন, “বাঁধনদের শরীরে ব্যান্ডেজ কেন? পুলিশ ওদের গ্রেপ্তার করার পর মারপিট করেছে। এটা কেন? গ্রেপ্তারকৃত আসামিদের ক্ষেত্রেও তো আইনে শারীরিক নির্যাতনের কোনো সুযোগ নেই।”

রুহুল আমিন আরও বলেন, “ছাত্রলীগ সবসময় গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে। কিন্তু যারা আইন প্রয়োগের দায়িত্বে, তারাই যদি নির্যাতনের আশ্রয় নেয়, সেটা ভয়াবহ নজির হয়ে থাকবে।”

আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর কোনো আসামির ওপর শারীরিক নির্যাতন বা মানসিক চাপ প্রয়োগ করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য। ফৌজদারি কার্যবিধির ৩৩০ ও ৩৩১ ধারায় পুলিশের হেফাজতে নির্যাতনের জন্য শাস্তির বিধান রয়েছে।

এ ঘটনায় পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আটক দুই ছাত্রলীগ নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকায় আজকের এই ব্যাপক বিক্ষোভ আওয়ামী লীগের সংগঠনগুলোকে নতুনভাবে চাঙ্গা করেছে, তবে পুলিশের সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি আন্দোলনমুখী রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে।

Visited 24 times, 1 visit(s) today