আওয়ামী লীগের কমিটিতে ছিলেন জানার পর বিসিবির পরিচালক পদ বাতিল!

আওয়ামী লীগের কমিটিতে ছিলেন জানার পর বিসিবির পরিচালক পদ বাতিল!
শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র চরম বিতর্কিত নির্বাচনের শেষ দিকে জন্ম হয়েছে এক হাস্যরসের। বিসিবির মোট ২৫ পরিচালকের মধ্যে নির্বাচন প্রক্রিয়ায় ২৩ জন পরিচালক আসেন, বাকি দুইজন দেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ পরিষদ থেকে বিসিবি পরিচালক বানানো হয়েছিলো ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক নামের দুই ব্যক্তিকে। এরমধ্যে ইশফাক কয়েক ঘণ্টা না পেরুতেই পরিচালক পদ হারিয়েছেন।

কে এই ইশফাক আহসান সেই খোঁজে একটি গণমাধ্যম খুঁজে বের করে তার পুরনো ফেসবুক পোস্ট। সেখানে দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। এই পদে নির্বাচিত হয়ে প্রক্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট দেন ইশফাক।

এই ঘটনা জানার পর ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম জানান, ‘গণমাধ্যমের কল্যাণে ইশফাক আহসানের বিতর্কিত অতীত সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা এরমধ্যে তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার নতুন পরিচালকের নাম জানিয়ে দেয়া হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে ক্রিকেটের সঙ্গে কোন সম্পর্ক না থাকা ইশফাক প্রায় ৭০ লাখ টাকার বিনিময়ে বিসিবির পরিচালক পদ পেয়েছিলেন। সেই টাকার অঙ্কের ভাগ গেছে ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছেও।

বিএনপিপন্থীরা বিসিবির নির্বাচনে বিতাড়িত হয়ে খুঁজে বের করেন এই তথ্য। তাতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ক্রীড়া পরিষদ।

সোমবার চরম বিতর্কিত নির্বাচনে পুনরায় বিসিবির সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার মধ্যরাতেই হয়ে যায় ভোট, সেই ভোটে ক্লাব ক্যাটাগরির ১২ জন ঠিক হয়ে যায়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাকিরা নির্বাচিত হন। তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থীরা বর্জন করেন এই ভোট।

Visited 20 times, 1 visit(s) today