রাজনৈতিক অস্থিতিশীলতার আর্থিক মূল্য: বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট

রাজনৈতিক অস্থিতিশীলতার আর্থিক মূল্য: বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট
শেয়ার করুন

❐ বিশেষ প্রতিবেদক

রাজনৈতিক অস্থিরতার অর্থনৈতিক মূল্য এখনকার বাংলাদেশের বাস্তবতায় এমন এক চিত্র ফুটিয়ে তুলছে, যা কেবল অর্থনীতির পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের প্রতিদিনকার জীবনযাত্রার মর্মস্পর্শী কাহিনিতে পরিণত হয়েছে। রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকেই। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা, দলগুলোর সংঘাত, রাস্তায় সহিংসতা—সব মিলিয়ে এক অচলাবস্থার আবহ তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার ছায়া পড়েছে অর্থনীতির ওপর, আর এর অভিঘাত প্রতিফলিত হচ্ছে কোটি মানুষের জীবনে।

অর্থনীতিবিদরা বহুবার সতর্ক করেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। অথচ বাস্তবতা হলো, আজকের বাংলাদেশে বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন, নতুন প্রকল্প থেমে যাচ্ছে, পুরনো প্রকল্পগুলো ঝুঁকির মুখে পড়ছে। ফলে চাকরির সুযোগ সঙ্কুচিত হচ্ছে, বেকারত্ব বাড়ছে, আর সমাজে এক অস্থির মনোভাব ঘনীভূত হচ্ছে। পরিসংখ্যানও তার প্রমাণ দিচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩.৯৭ শতাংশে—গত দুই দশকে করোনাকাল ছাড়া সবচেয়ে নিচে। এর মানে হলো, পরিবারের আয় কমছে, দারিদ্র্যের হার বাড়ছে, আর অসংখ্য মানুষ প্রতিদিন নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ছে।

প্রবৃদ্ধি কমার পাশাপাশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। জুন শেষে বেসরকারি বিনিয়োগ ছিল মাত্র ৬.৪ শতাংশ, যা ব্যবসায়ীদের আস্থাহীনতারই প্রতিচ্ছবি। তারা ব্যাংক থেকে ঋণ নিতে চাইছেন না, নতুন কারখানা স্থাপনে এগোচ্ছেন না। মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে প্রায় ১৯ শতাংশ—অর্থাৎ শিল্পের আধুনিকায়ন থমকে গেছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে উৎপাদনশীলতায়, কর্মসংস্থানে এবং রপ্তানি প্রতিযোগিতায়।

এই আর্থিক দুর্দশার ভেতরে আরও অস্থিরতা তৈরি করছে সেনাবাহিনীর ভূমিকাকে ঘিরে বিতর্ক। কাকরাইলের ঘটনায় সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ এবং বেসামরিক নেতাদের ওপর বলপ্রয়োগ বিনিয়োগকারীদের মনে গভীর শঙ্কা তৈরি করেছে। যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বদলে সেনাবাহিনী রাজনৈতিক সমাধানের মঞ্চে হাজির হয়, তখন দেশের ভবিষ্যৎ নিয়ে দেশি-বিদেশি প্রশ্ন তৈরি হয়।

এর পাশাপাশি দারিদ্র্যের বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের গবেষণা বলছে, দেশের ৩৮ শতাংশ শ্রমশক্তি এখন আংশিক কর্মসংস্থানে যুক্ত। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, এ বছরই আরও ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যের কাতারে নামবে, যার ফলে দেশে অতি দারিদ্র্যের হার ৯.৩ শতাংশে পৌঁছাবে। সংখ্যার আড়ালে লুকিয়ে রয়েছে সেই বাবার কাহিনি যিনি চাকরি পাচ্ছেন না, সেই মায়ের সংগ্রাম যিনি সন্তানের দুধের টাকাও যোগাড় করতে পারছেন না, কিংবা সেই তরুণের হতাশা যিনি পড়াশোনা শেষে কোনো কাজ খুঁজে পাচ্ছেন না।

রাজনৈতিক নেতৃত্বের ওপর দায়ভার অস্বীকার করা যায় না। এক বছর ক্ষমতায় থেকেও বর্তমান অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। যে সরকার নিজেকে সংস্কারক বলে দাবি করে, তাদের আমলেই অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এখনো পর্যন্ত কোনো স্পষ্ট অর্থনৈতিক পরিকল্পনা বা সুস্পষ্ট দিকনির্দেশনা সামনে আসেনি। অর্থনৈতিক উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গি কী—সেটি পর্যন্ত অস্পষ্ট রয়ে গেছে।

রাজনৈতিক সংলাপেও সরকার ব্যর্থ। অর্থনীতি যখন হুমকির মুখে, তখন রাজনৈতিক দলগুলোর সাথে কার্যকর আলোচনার বদলে কেবল সময়ক্ষেপণের চেষ্টা চলছে। কাকরাইলের ঘটনার পর বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা তারই উদাহরণ। কিন্তু মূল সমস্যার সমাধান কোথায়? নির্বাচন কমিশন ইতোমধ্যেই ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে চিহ্নিত করেছে। এই ঝুঁকি শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়; বরং তৈরি পোশাক শিল্পসহ রপ্তানিমুখী খাতগুলোতেও এর প্রতিফলন ঘটছে। আন্তর্জাতিক ক্রেতারা অর্ডার দিতে সতর্ক হচ্ছেন, বিদেশি বিনিয়োগকারীরা আরও পিছু হটছেন। শেয়ারবাজারেও আস্থাহীনতা দেখা দিচ্ছে, অনেক কোম্পানি লভ্যাংশ দিতে পারছে না।

সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন সঠিকভাবেই বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তা যত বাড়বে, বিনিয়োগকারীদের আস্থা তত কমবে। আর সেই আস্থাহীনতা অর্থনীতির প্রতিটি খাতকে ক্ষতিগ্রস্ত করবে।

সেন্টার ফর পলিসি ডায়লগের মোস্তাফিজুর রহমানও যথার্থই উল্লেখ করেছেন, বিনিয়োগ চাঙা করতে হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। বিনিয়োগকারীরা স্থিতিশীল সরকারের নিশ্চয়তা চান, যাতে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে পারেন।

এখন সময় এসেছে সত্যিকারের উপলব্ধির। ইউনূস-খলিল নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে, তাদের প্রতিটি পদক্ষেপ দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। ক্ষমতার লড়াই কিংবা সংঘাতের রাজনীতি শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে নয়, বরং কোটি সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। ব্যবসায়ীরা, শ্রমজীবী মানুষ, তরুণ প্রজন্ম—সকলেই একটি স্থিতিশীল সরকারের অপেক্ষায়।

বাংলাদেশের ভবিষ্যৎ এখন নির্ভর করছে আগামী কয়েক মাসের রাজনৈতিক পরিস্থিতির ওপর। যদি সহিংসতা ও অস্থিরতা অব্যাহত থাকে, তাহলে সামনে রয়েছে আরও গভীর সংকট। অর্থনীতির ক্ষত সারতে সময় লাগে; কিন্তু নতুন ক্ষত তৈরি হতে সময় লাগে না। এখন দেশের প্রয়োজন আলোচনার, সমঝোতার এবং একটি স্থিতিশীল দিকনির্দেশনার—অন্যথায় রাজনৈতিক অস্থিরতার এই দুঃসহ মূল্য আরও দীর্ঘায়িত হবে, আর তার বোঝা বহন করতে হবে সাধারণ মানুষকেই।

Visited 55 times, 1 visit(s) today