ফেনীতে যুবদলের পদ বাণিজ্য: ইউনিয়ন সভাপতি পদ সাড়ে ৩ লাখ

ফেনীতে যুবদলের পদ বাণিজ্য: ইউনিয়ন সভাপতি পদ সাড়ে ৩ লাখ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ফেনীর দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে কমিটির পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে গতকাল ৯ই সেপ্টেম্বর তিন সদস্যের কমিটি করেছে জেলা যুবদল।

এর আগে গত ৬ই সেপ্টেম্বর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে লিখিত অভিযোগ দেন দাগনভূঞার যুবদলকর্মী খোন্দকার বেলাল হোসেন।

অভিযোগে উল্লেখ করেন, সিন্দুরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ দেয়ার কথা বলে ডিপলু প্রথমে তার কাছ থেকে ১ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে আরও ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। কয়েক দফায় মোট সাড়ে তিন লাখ টাকা নিলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ করেন বেলাল।

তিনি দাবি করেন, শুধু তার কাছ থেকেই নয়, ডিপলু বিভিন্ন ইউনিয়নের বহু কর্মীর কাছ থেকে পদ দেয়ার আশ্বাসে টাকা নিয়েছেন। অনেকে তার ভয়ে মুখ খুলতে সাহস করছেন না।

এ বিষয়ে কবির আহমেদ ডিপলু অভিযোগ অস্বীকার করে বলেন, আর্থিক লেনদেনের অভিযোগ সত্য নয়।

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জেলা যুবদলের আহবায়ক খোন্দকার নাছির উদ্দিন বলেন, তদন্তের জন্য আমরা তিন সদস্যের কমিটি করেছি। সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, অভিযুক্ত কবির আহমেদ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহুর্তে আওয়ামী যুবলীগ ছেড়ে যুবদলে যোগ দেন। যুবলীগে থাকাকালেও তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল।

Visited 11 times, 1 visit(s) today