সুনামগঞ্জে জমিয়ত নেতা খুনের মামলায় দলীয় নেতা হাফিজ গ্রেপ্তার, নেপথ্যে নির্বাচনী মনোনয়ন দ্বন্দ্ব

সুনামগঞ্জে জমিয়ত নেতা খুনের মামলায় দলীয় নেতা হাফিজ গ্রেপ্তার, নেপথ্যে নির্বাচনী মনোনয়ন দ্বন্দ্ব
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জমিয়তের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ গাজিনগরী হত্যা মামলায় দলীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের স্ত্রী রুবি বেগম শনিবার রাতে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলায় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।

রোববার রাত সাড়ে ৩টার দিকে দিরাই থানা ও শাহপরান থানা পুলিশের যৌথ অভিযানে সিলেট শহরের একটি বাসা থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাহপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে এবং জমিয়ত (ওয়াক্কাস গ্রুপ)-এর সক্রিয় নেতা। তিনি সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ তালহা আলমের ঘনিষ্ট সহচর।

নিহত মোস্তাক আহমদ

নিহত মোস্তাক আহমদ গাজীনগরী এই আসনের অপর সম্ভাব্য প্রার্থী হাম্মাদ সাদী গাজীনগরীর সমর্থক এবং নিজেও মনোনয়ন প্রত্যাশা করেছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, গত মঙ্গলবার দিরাই সড়ক থেকে নিখোঁজ হন মাওলানা মোস্তাক আহমেদ গাজিনগরী। তিন দিন পর শুক্রবার শরীফপুর এলাকায় পুরাতন সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

Visited 10 times, 1 visit(s) today