কানাডা প্রতিনিধি
কানাডার অটোয়ায় ১৫ই আগস্টের জাতীয় শোক দিবস ও ২১শে আগস্টে গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ অটোয়া শাখা এবং বেঙ্গলি কমিউনিটি সার্ভিস সেন্টার অব কানাডার (বিসিএসসিসি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল।
সন্ধ্যা ৭টায় জুবিরা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। ধর্মগ্রন্থ পাঠ ও কানাডা-বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ অটোয়া শাখার সভাপতি ও বিসিএসসিসি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ওমর সেলিম শের।
তিনি বলেন, “১৫ই আগস্ট ও ২১শে আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। আমরা যারা প্রবাসে আছি, আমাদেরও দায়িত্ব হলো নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে পরিচিত করা। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ষড়যন্ত্র এবং ২১শে আগস্টের নৃশংস হত্যাযজ্ঞ একই ধারার অংশ, যার লক্ষ্য ছিল বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা। কিন্তু জনগণের শক্তিই প্রমাণ করেছে—বাংলাদেশকে থামানো যায়নি, যাবে না।”
এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগ অটোয়া শাখার সহ-সভাপতি নুরুল আমিন খান, আয়োজক কমিটির প্রতিনিধি শরীফুল আলম ভূঁইয়া, বিসিএসসিসি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর আরিব সাইফুদ্দিন, আসরাম পত্রিকার সম্পাদক কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও বিসিএসসিসি’র পরিচালক সোমা সাইফুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাহুল দেব, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক ও বিসিএসসিসি’র সেক্রেটারি আবু সাইফুদ্দিন বক্তব্য দেন।
বক্তারা তাদের বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সভার শেষে ১৫ই আগস্ট ও ২১শে আগস্টের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে মঞ্জুর মোরশেদ অপি আবৃত্তি পরিবেশন করেন এবং ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধু ও শহিদদের স্মৃতি তুলে ধরা হয়। সবশেষে শিশুদের অংশগ্রহণে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
