❐ স্থানীয় সংবাদদাতা
চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
আজ ১৬ই আগস্ট, শনিবার দুপুরে শোভযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পাড় হয়ে নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জে এম সেন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে সেখান থেকে ৬ জনকে আটক করার কথা জানিয়েছেন নগরীর কোতোয়ালী থানার ওসি আবদুল করিম।
তিনি বলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ আমাদের বলেছিল র্যালির সময় সজাগ থাকতে। সে কারণে আমরা এলার্ট ছিলাম যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। র্যালি চলাকালে ৬ জনকে আটক করেছি। তাদের কাছে ‘চিন্ময়ের’ মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড পেয়েছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারব।
তবে কোন স্থান থেকে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে ওসি কিছু জানাননি।
এ বিষয়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু বলেন, আটকের কোন তথ্য আমাদের জানা নেই। আমরা বিষয়টা খোঁজ নিয়ে দেখছি।
এদিকে, স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের দাবি, জন্মাষ্টমীর শোভাযাত্রার নামে মূলত চিন্ময় কৃষ্ণের অনুসারীরা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিল। শোভাযাত্রায় কয়েকজন তরুণ চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে স্লোগান দেয়।
তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আটক একজন ব্যক্তির মুক্তির দাবি করা অপরাধ মনে করেন কিনা? এমন প্রশ্নের জবাবে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।
উল্লেখ্য, গত বছরের ৩১শে অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে সেই মামলায় চিন্ময় কৃষ্ণকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৬শে নভেম্বর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন সনাতন সম্প্রদায়ের লোকজন।
এসময় আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়। সে সময় বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবী এবং তাদের দলীয় সমর্থকরা। বিক্ষোভকারীদেরকে তারা পাহাড়ের ওপরে আদালত প্রাঙ্গন থেকে তাড়িয়ে কোর্টবিল্ডিং এলাকাছাড়া করার পর রাস্তা পার করে অপর পাশে সুইপার কলোনী পর্যন্ত ধাওয়া করে, সেখানে ঢুকেও পেটায়।
সুইপার কলোনিতে ঢুকে হামলা করার সময় তা প্রতিহত করেন সেখানকার স্থানীয়রা। এসময় তাদের হাতে শিবির নেতা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়। সেই ঘটনায় হওয়া মোট ৫টি মামলায় গ্রেপ্তার হয়ে এখন পর্যন্ত কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ। এরমধ্যে আলিফ হত্যা মামলায় চিন্ময়কে আসামি করে আদালতে অভিযোগপত্রও জমা দিয়েছে পুলিশ।
