নিজস্ব প্রতিবেদক
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে মীর হোসেন মীরু (৪৫) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হাতের আঙুল বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে।
আজ ৮ই আগস্ট, শুক্রবার সকালে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মীর হোসেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকার লেদু মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, টিআর-কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৯শে জুলাই বিকেলে মীর হোসেন ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে গাইনবাড়ি এলাকার একটি দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার ৭ দিন পর ভুক্তভোগী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে ফেনীর ফুলগাজী থানায় এ মামলা করেন। এতে মুন্সিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম কালা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনামুল হক রেদোয়ান ও বিএনপি কর্মী বেলাল হোসেনের নাম উল্লেখ করা হয়।
ভুক্তভোগী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু বলেন, ‘যারা আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে তাদের নামে মামলা দিয়েছি। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়ার দাবি জানাই।
পলাতক হওয়ায় এ বিষয়ে আসামি সাইফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
