নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
আজ ২২শে জুলাই, মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।
এদিকে, গতকালের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৬৫ জন।
যদিও মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের মতে, কমপক্ষে দুই শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছেন।
যারা সারাদিন ধরে লাশ বের করে এনেছেন ভবন থেকে, তারা লাশের সংখ্যা নিয়ে টিভিতে সাক্ষাৎকার দেওয়ায় তাদের ওপর সেনা-নির্যাতন চালানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি যমুনা টিভিসহ যেসব টিভি চ্যানেল মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন।
