নিজস্ব প্রতিবেদক
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত দিয়ে ফের ১৩ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
৩০শে মে, শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এর আগে, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ জনকে ঠেলে দিয়েছিল বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশ (৪-বিজিবি) জানায়, সকাল ৮টার দিকে বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪- বিজিবি) ছাগলনাইয়া বিওপির একটি টহলদল মটুয়া এলাকায় পরিত্যক্ত ঘরের মধ্যে ১৩ জনকে দেখতে পায়। তদের দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে পুরুষ চারজন, নারী তিনজন ও শিশু ছয়জন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময় ইট-ভাটার কাজ করার জন্য ভারতে প্রবেশ করেন।
শুক্রবার ভোরে বৈরী আবহাওয়ার সুযোগে বিএসএফ তাদের হাত ও চোখ বেঁধে নিয়ে আসে। পরে বাঁধন খুলে তাদের বাংলাদেশে পুশ-ইন করে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অন্ধকার থাকায় এবং এলাকা না চেনায় ওই ১৩ জন মটুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করেন।
তারা হলেন- মো. আলতাফ (৩৯), মোমিনা বেগম (৩২), মো. আমিনুল ইসলাম (৩৮), উর্মি বেগম (২৯), ওহিদুল ইসলাম (১১), মো. রেজাউল হক (৯), আরিফা আক্তার (৩), মোমিনুল হক (৩৫), শেফালী বেগম (৩০), মনিজা আক্তার (১৩), মনজু আক্তার (১০), রমজান আলী (৩ মাস) ও মো. ইশরাক হোসেন (৪০)।
তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে।
বিজিবি জানায়, কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।
