নিজস্ব প্রতিবেদক
শারীরিক ও মানসিক নির্যাতনের পর এবার হত্যাচেষ্টা মামলায় জনপ্রিয় অভিনেত্রী ও অমর কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীসহ আরও ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
২২শে মে, বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত প্রধান মহানগর হাকিম (এডিশনাল সিএমএম) ছানাউল্ল্যাহ এই আদেশ দেন। এর আগে গত ২৩শে এপ্রিল একই মামলায় শাওনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ ঘটনায় মানবাধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার বাদীপক্ষ পলাতক আসামিদের বিদেশে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন, শাওনের বাবা মোহাম্মদ আলী, ভাই মাহিন আফরোজ, বোন সেঁজুতি, তার স্বামী সাব্বির, মোহাম্মদ আলীর ভাগ্নে মোখলেছুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, সিটিটিসি’র সাবেক এডিসি নাজমুল ইসলাম, সিটিজেন কেব্লসের মহাব্যবস্থাপক সুব্রত দাস এবং হিসাব বিভাগের প্রধান মাইনুল হোসেন। এই মামলায় পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও উপপরিদর্শক শাহ আলম জামিনে রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২১শে ফেব্রুয়ারি মোহাম্মদ আলী ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে নিশি ইসলামকে বিয়ে করেন, তবে তিনি আগেই বিবাহিত ছিলেন এবং তা গোপন রেখে প্রতারণার আশ্রয় নেন। বিষয়টি জানার পর, শাওনসহ অভিযুক্তরা নিশিকে চাপ দিতে থাকেন যেন তিনি চুপ থাকেন।
এরপর ৪ঠা মার্চ গুলশানে মোহাম্মদ আলীর বাসায় নিশিকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে মামলায় অভিযোগ তোলা হয়। শাওনের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ রয়েছে। বাদী দাবি করেন, পরবর্তীতে তাকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করিয়ে আরও নির্যাতন চালানো হয়।
মামলাটি আমলে নিয়ে আদালত শাওনসহ ১২ জনের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। সমনে সাড়া না দেওয়ায় আদালত পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।
