নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন না কেন—এর জবাব ইউনূস সরকারকে দিতে হবে।
তিনি অভিযোগ করেন, তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো না কোনোভাবে সরকারি বাধা রয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাধারণ মানুষ নির্বাচন চায়। অথচ অন্তর্বর্তী সরকার এখনো কোনো নির্বাচনকালীন রোডম্যাপ দেয়নি। বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে এবং এখনো ঐক্যবদ্ধ রয়েছে।”
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তাকে দেশে ফেরত চাই। তিনি কেন ফিরছেন না, তা তিনিও জানেন, কিন্তু হয়তো প্রকাশ করছেন না। তবে আমরা বিশ্বাস করি, তার দেশে ফেরার পথে কোনো বাধা রয়েছে। না হলে যিনি দিনরাত পরিশ্রম করে সবাইকে একত্রিত করছেন, একটা প্ল্যাটফর্ম গড়ে তুলছেন—তিনি কেন মাতৃভূমিতে ফিরবেন না? এটা শুধুমাত্র ক্ষমতার জন্য নয়, বরং দেশকে সবার সঙ্গে মিলেই পরিচালনার জন্য।”
গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যে দলটির পক্ষ থেকে নির্বাচনের দাবিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও উঠে আসে।
