জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে তিন বছর বয়সী এক শিশু ইজিবাইক চালকের লালসার শিকার হলো। শিশুটিকে ধর্ষণের দায়ে শরিফুল ইসলাম সৌরভ (৩০) শিশুটির প্রতিবেশী ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ই মার্চ, বুধবার বিকেলে পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় সৌরভ কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির কান্নার শব্দে তার মা দৌড়ে গিয়ে সৌরভকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনার প্রতিবাদ করায় সৌরভ শিশুটির বাবাকে পেটায়। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সৌরভের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিশুটির পরিবার ও স্থানীয়রা বলছেন, অভিযুক্ত সৌরভ মাদকাসক্ত। ৫ বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়। পরে তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর নিজ বাড়িতে ‘অসামাজিক কাজে’ জড়িত থাকার অভিযোগে প্রতিবেশীরা বিভিন্ন সময় সৌভের বিরুদ্ধে সালিশ বৈঠক করছেন।
শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর তার সাথে যৌন নির্যাতন সংঘটিত হওয়ার আলামত পেয়েছেন উল্লেখ করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবুল কাশেম বলেন, “প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষা পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত প্রতিবেদন দেওয়া যাবে।”
ওসি বলেন, “আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।”
