সংবাদ প্রতিবেদন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি-৩২ নাম্বারের বাড়িটি ভাঙতে দেখে বুলডোজার ঠেকাতে ছুটে যাওয়া এক নারীকে গণধোলাই দেওয়ার পাশাপাশি যৌন হেনস্থা করেছে উগ্রবাদীরা। এসময় পুরো ঘটনা নির্বিকারভাবে দেখছিলেন পুলিশ সদস্যরা। ওই নারীকে বাঁচাতে কেউই এগিয়ে যাননি।
আজ ৬ই জানুয়ারি, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পিটুনির শিকার হয়েছেন ওই নারী।
গতকাল থেকেই বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িটি বুলডোজার দিয়ে ভাঙছিল উগ্রবাদীরা। আজ সকালে তাই ওই নারী একাই ছুটে গিয়েছিলেন তাদের বাধা দিতে। বারবার বুলডোজার সরিয়ে নিতে অনুরোধ করছিলেন তিনি। আর আক্ষেপ করছিলেন- “বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে ফেলছে, কেউ থামান ওদের। আপার বাড়ি ভাঙতেছে।”
কিন্তু কেউই তার কথা শুনছিল না। একপর্যায়ে তাকে ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় উগ্রবাদীরা। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে লাথি, ঘুষি মেরে তাকে গুরুতর আহত করে কয়েকজন উগ্রবাদী মিলে। একপর্যায়ে তাকে মারতে মারতে ধানমন্ডি-৩২ এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়।
এসময় অনেক গণমাধ্যমকর্মী সেখানে উপস্থিত ছিলেন। ওই নারীকে রক্ষার পরিবর্তে উল্টো তারা প্রশ্ন করছিলেন- ‘আপনাকে কেন মারছে?’ এসময় সেই নারী ‘ঁবাঁচান, আমাকে বাঁচান’ বলে আকুতি জানান তাদের কাছেও। কিন্তু উৎসুক লোকজন ক্যামেরা আর মোবাইল ফোনে ভিডিও ধারণ নিয়ে ব্যস্ত ছিলেন। কেউ এগিয়ে যাননি তাকে রক্ষায়।
কয়েকজন পথচারী উগ্রবাদীদের অনুরোধ করেন, “ভাই আর মাইরেন না, মহিলা মানুষ”। কিন্তু উগ্রবাদীরা তাদের কারো কথা না শুনে ওই নারীর শরীরের স্পর্শকাতর স্থানে ধরে আহত করেন, তার জামা-কাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এসময় ঘটনাস্থলে কয়েকজন নারী থাকলেও তারা সেই উগ্রবাদীদের উৎসাহ দিয়ে বলেন- “আরও মারেন”।
পরে কয়েকজন পথচারী ওই নারীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
এই পুরো ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে এগিয়ে আসতে দেখা যায়নি। ঘটনাস্থলের অনতিদূরে ১২-১৪ জন পুলিশ সদস্য নির্বিকার দাঁড়িয়ে ছিলেন মেট্রো শপিং সেন্টারের সামনে।
এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
