চার-ছক্কায় উত্তাল হয়ে উঠল অভিষেক শর্মার ব্যাট, তার ব্যাটের ঝাঁজে বল কুড়িয়েই নাজেহাল হলো ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে অভিষেকের রেকর্ডময় সেঞ্চুরির দিনে ভারত জিতল বড় ব্যবধানে।
মুম্বাইতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারত জিতেছে ১৫৯ রানের বিশাল ব্যবধানে। সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। আগে ব্যাট করে ২০ ওভারে ২৪৭ রানের পাহাড় গড়ে ভারত, জবাব দিতে নেমে সফরকারী ইংল্যান্ড থেমে যায় স্রেফ ৯৭ রানে।
এদিন ভারতের নায়ক ২৪ বছর বয়েসী বাঁহাতি তরুণ ব্যাটার অভিষেক। ৫৪ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন তিনি। এই সেঞ্চুরির পথে একাধিক রেকর্ডে নাম লেখান তিনি।
৭ চারের সঙ্গে অভিষেক মারে ১৩ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে তাতে ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড করেন তিনি। পেছনে পড়ে যায় রোহিত শর্মা, সঞ্জু স্যামসনদের ১০ ছক্কার রেকর্ড। তার ১৩৫ রান ভারতের হয়ে টি-টোয়েন্টিতে কোন ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এখানে তিনি পেছনে ফেলেন শুবমান গিলকে (১২৬)।
মাত্র ১৭ বলে ফিফটি ও ৩৭ বলে অভিষেক স্পর্শ করেন সেঞ্চুরি। দুটিই ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম।
ব্যাটিংয়ে এমন তাণ্ডবের পর বল হাতে নিয়েও সাফল্য ধরা দেয় অভিষেকের। ১ ওভার বল করে ৩ রান দিয়ে তুলেন ২ উইকেট।
বিশাল লক্ষ্যে নেমে ভারতীয় বোলারদের জবাব দিতে পারেনি ইংল্যান্ড। তৃতীয় ওভারে বেন ডাকেটকে তুলে উইকেট ফেলা শুরু করেন মোহাম্মদ শামি। বরুন চক্রবর্তী, রবি বিষ্ণুইরাও ফেলতে থাকেন উইকেট। পেস অলরাউন্ডার শিভম দুবে তাতে যোগ দেন। চোট কাটিয়ে এই সিরিজে ফেরা শামি পরে মুড়ে দেন ইংলিশ ইনিংস। ২৫ রানে ৩ উইকেট নেন তিনি।
