লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
শেয়ার করুন
স্থানীয় সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজ হওয়ার চার দিন পর একটি খাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে রামগঞ্জ উপজেলার সোনাপুর পানিয়ালা চিতৌশী খালের শামার পোল এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়, জানিয়েছেন রামগঞ্জ থানার ওসি আবুল বাশার।

নিহত মোরশেদ আলম (৬৫) রামগঞ্জ পৌরসভার ৪নং কলচমা গ্রামের মান্দারি বাড়ির মৃত জবুলাক মিয়ার বড় ছেলে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মোরশেদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দিয়ে এবং স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো খবর পাননি। এরপর থানায় জিডি করা হয়।

সোমবার সকালে খালপাড়ে মোরশেদের ব্যবহৃত মোবাইল ফোনটি পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে খালের পানিতে তল্লাশি চালালে কচুরিপানার ভেতর তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই জহির মিয়া জানান, বৃহস্পতিবার রাতে তার ভাই স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়েছিলেন এবং তার সঙ্গে কারো কোনো ধরনের সমস্যা ছিল না।

ওসি আবুল বাশার বলেন, “পানিয়ালা চিতৌশি খাল সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান”

Visited 17 times, 1 visit(s) today