শেখ হাসিনা অনেক করেছেন, তাঁর ভারতে থাকা নিয়ে ভারতবাসী এক: মণি শঙ্কর

শেখ হাসিনা অনেক করেছেন, তাঁর ভারতে থাকা নিয়ে ভারতবাসী এক: মণি শঙ্কর
শেয়ার করুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চান, ততদিন তাঁকে ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করলেন দেশটির সাবেক কূটনীতিক, কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ার।

প্রহসনের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি করছে ইউনূস সরকার- এমন এক প্রশ্নে ভারতের সাবেক এই মন্ত্রী বলেছেন, আমার মনে হয়, আমরা (ভারতীয়রা) সবাই একমত হব যে, শেখ হাসিনা আমাদের জন্য অনেক করেছেন। তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে, তাতে আমি খুশি। যতদিন তিনি থাকতে চান, সেটা যদি তাঁর বাকি জীবনও হয়, তাঁকে সেই আতিথ্য আমাদের দেওয়া উচিত।

ইকোনমিক টাইমস জানিয়েছে, ষোড়শ এপিজে সাহিত্য উৎসবে অংশ নিতে শনিবার কলকাতায় গিয়েছিলেন মণি শঙ্কর আইয়ার। সেখানে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক তিনি কথা বলেন।

জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে টানা ১৫ বছর দেশ শাসন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ই আগস্ট ভারতে চলে যান। সেখানে দিল্লিতে তাঁকে ভারত সরকারের একটি সেইফ হাউজে রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্রের খবর।

শেখ হাসিনার অনুপস্থিতিতে রাষ্ট্রক্ষমতায় আরোহন করা ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এবং তাঁর সরকারের মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ২৩শে ডিসেম্বর ভারতকে একটি কূটনৈতিক পত্র (নোট ভার্বাল) পাঠায় বাংলাদেশ সরকার।

যদিও সেই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব ভারত সরকার দেয়নি। বরং শেখ হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতে তাঁকে ট্র্যাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। একইসাথে তাঁর ভিসার মেয়াদও বর্ধিত করেছে ভারত সরকার।

গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরকে স্বাগত জানিয়ে ভারতীয় কংগ্রেসের নেতা মণি শঙ্কর আইয়ার পিটিআইকে বলেন, এই আলোচনা অব্যাহত রাখা দরকার এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে বৈঠক করা।

তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা হচ্ছে ঠিক, তবে বেশিরভাগ ক্ষেত্রে তা ঘটেছে তাঁরা শেখ হাসিনার সমর্থক হওয়ার কারণে। আমরা দেখেছি, হিন্দুদের ওপর হামলার যেসব খবর এসেছে, তা সত্য।

সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর সমালোচনা করে এই কংগ্রেস নেতা বলেন, আমাদের (পাকিস্তানে) সার্জিক্যাল স্ট্রাইকের সাহস আছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসার সাহস এই সরকারের নেই।

পাকিস্তানে জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, তারা (পাকিস্তান) ভেবেছিল তালেবানকে তারা আফগানিস্তানের ক্ষমতায় আনতে পারবে। কিন্তু সেই তালেবানই এখন তাদের সবচেয়ে বড় হুমকি।

এ বিষয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করে আইয়ার বলেন, এককভাবে তার সবচেয়ে বড় সাফল্য ছিল কাশ্মির প্রশ্নে পাকিস্তানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার পথ তৈরি করা, যার ভিত্তিতে জেনারেল পারভেজ মোশাররফ চার দফা চুক্তির কথা বলেছিলেন।

মণি শঙ্কর আইয়ারের মতে, মনমোহন সিং দেখিয়েছিলেন, সামরিক সরকারের সঙ্গেও আলোচনা সম্ভব। ভারতের উচিত তার দেখানো পথে কাশ্মির প্রশ্নে পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া।

Visited 648 times, 1 visit(s) today