উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো, এরমধ্যে বাউন্ডারির আকার তিনদিকে ৬০ মিটারের কম। ব্যাটারদের জন্য এমন স্বর্গে এনামুল হক বিজয় খেলেছেন বিস্ময়কর এক ইনিংস। তার এমন অদ্ভুত অ্যাপ্রোচে তৈরি হয়েছ সংশয়।
সোমবার ফরচুন বরিশালের বিপক্ষে দুর্বার রাজশাহীর অধিনায়ক বিজয় করেন ৩৫ বলে ৩৯ রান। তার দল করে ১৬৮ রান। ওই রান নিয়ে স্বাভাবিকভাবে লড়াই করতে পারেনি তারা। ম্যাচ হারে ৭ উইকেটে। রাজশাহীকে গুঁড়িয়ে দিতে ৪৮ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল।
এদিন আগে ব্যাট করা রাজশাহীর হয়ে তিনে নেমে ছিলেন বিজয়। নেমেই ঝড় তুলেন তিনি। প্রথম ১১ বলে পাঁচ চারে করেন ২১। চাহিদা মেটানো দারুণ ব্যাটিং বটে। কিন্তু এরপরই নিজেকে আমূল বদলে ফেলেন তিনি। পরে আরও ২৪ বল খেলে মারেননি একটিও বাউন্ডারি। ওই ২৪ বল থেকে তিনি আনেন মাত্র ১৮ রান!
রাজশাহীর যেখানে ছিলো দুইশো ছাড়ানোর সম্ভাবনা, সেখানে ১৯তম পর্যন্ত টিকে শ্লথ ব্যাট করে দলীয় সংগ্রহ কমিয়ে দিয়ে যান ডানহাতি বিজয়।
খেলার মাঝে উইকেটে তো বদল আসার কারণ নেই, বিজয়ের মাঝে মেরে খেলার মরিয়া তাড়নাই দেখা যায়নি পরের দিকে। কেন তিনি এমন ব্যাট করলেন তা নিয়ে শুরু হয়েছে ফিসফাস। রাজশাহীর দল সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিও বিজয়ের খেলার ধরণের বিস্মিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসরগুলোতে অনেক অপ্রত্যাশিত ঘটনাই ঘটে। বিজয়ের ইনিংস এবার বিপিএলে মানুষের মনে প্রশ্নের জায়গা তৈরি করে রাখবে।
