নিতিশের স্মরণীয় সেঞ্চুরির দিনে ভারতের লড়াই

নিতিশের স্মরণীয় সেঞ্চুরির দিনে ভারতের লড়াই
শেয়ার করুন

স্কট বোল্ডান্ডকে চার মেরে সেঞ্চুরি স্পর্শ করেই হাঁটু গেড়ে ব্যাট আকাশের দিকে তাক করলেন নিতিশ কুমার রেড্ডি। গ্যালারিতে তার বাবা তখন অশ্রুসজল। নিতিশের অন্যরকম আবেগময় মুহুর্তে মেলবোর্নে ব্যাকফুটে থেকে তুমুল লড়াইয়ের বার্তাও দিল ভারত।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তৃতীয় দিন শেষে ভারত তুলেছে ৯ উইকেটে ৩৫৮ রান। এখনো অস্ট্রেলিয়া থেকে ১১৬ রানে পিছিয়ে তারা। কিন্তু ৭ উইকেটে ২২১ থেকে ভারত যে এতদূর আসতে পেরেছে তাতে বড় অবদান নিতিশের। ১৭৬ বলে ১০ চার, ১ ছক্কায় ১০৫ রানে অপরাজিত আছেন তিনি।

টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি এমনিতেই স্মরণীয়, তারমধ্যে আবার গড়েছেন ইতিহাসও। অস্ট্রেলিয়ার মাঠে আট নম্বরে নেমে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার তিনি। ২১ বছরের নিতিশ তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবেও অস্ট্রেলিয়ার মাঠে করেছেন সেঞ্চুরি।

নিতিশের সঙ্গে ৮ম উইকেটে ১২৭ রানের জুটি গড়ে অবদান রাখেন ওয়াশিংটন সুন্দরও। এই জুটিতে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াই জমায় ভারত। শেষ দিকে আউট হওয়ার আগে সুন্দর ১৬২ বলে করেন ৫০ রান, চোয়ালবদ্ধ নিবেদন দেখিয়ে কেবল ১ চার মেরেই তিনি পেয়েছেন এই রান।

৫ উইকেটে ১৬৪ রান নিয়ে নেমে রিশভ পান্তকে বেশিক্ষণ পায়নি ভারত। কিপার ব্যাটার থিতু হয়ে আউট হয়ে যান স্কট বোল্যান্ডের বলে। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা থিতু হয়ে শিকার হন ন্যাথান লায়নের। ২২১ রানে ৭ উইকেট হারিয়ে তখন ফলোঅনের শঙ্কাও জেগেছিলো ভারতের। সেই জায়গা থেকে দৃঢ়তা দেখান নিতিশ-সুন্দর। দারুণ নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের বোলারদের উপর দাপট দেখাতে থাকেন তারা। এই দুজনের বড় জুটিতে ফলোঅন এড়িয়ে শক্ত লড়াইয়ের আভাস তৈরি করে সফরকারী দল।

একদম শেষ দিকে সুন্দরের বিদায়ের পর জাসপ্রিট বুমরাহ দ্রুত প্যা কামিন্সের শিকার হলে নিতিশের সেঞ্চুরি পাওয়া নিয়ে জেগেছিলো সংশয়। সিরাজকে নিয়ে তিনি মাইলফলক স্পর্শ করে ভারতকেও রেখেছেন ম্যাচে।

Visited 35 times, 1 visit(s) today