বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব ভারতীয় ক্রিকেটের নতুন এই বিস্ময়বালককে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। দোহায় এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তার ঐতিহাসিক ইনিংসের পর সাবেক ক্রিকেটার ও শৈশবের কোচ এই কিশোরকে ‘জেনারেশনাল ট্যালেন্ট’ বা প্রজন্মের সেরা প্রতিভা হিসেবে আখ্যা দিয়েছেন।
মাত্র ৫৩ বলে ২০৪ রানের শ্বাসরুদ্ধকর ইনিংস খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের একাধিক রেকর্ড নতুন করে লিখেছেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। ২৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে তিনি ভেঙেছেন অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলের দ্রুততম শতকের রেকর্ড। এরপর ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের চ্যাড বোসের ১০৩ বলের কীর্তি। ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন ডি’আর্সি শর্টের ২৩ ছক্কার রেকর্ডও।
বিস্ময়কর এই পরিসংখ্যান ক্রিকেট বিশ্বে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের সাবেক ও বর্তমান তারকারা।
সবার আগে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব এই তরুণকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। এক্স-এ (সাবেক টুইটার) সূর্যকুমার লিখেছেন, ‘বৈভব সূর্যবংশী, তুমি এখন আমার অনুপ্রেরণা। কী অসাধারণ খেলোয়াড়!’
সাবেক ভারতীয় ব্যাটার সুরেশ রায়নাও মুগ্ধতা প্রকাশ করে সূর্যবংশীকে এক অসাধারণ প্রতিভা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এই ঐতিহাসিক অর্জনে সূর্যবংশীর নির্ভীক মানসিকতা ও অসামান্য সামর্থ্যের ছাপ স্পষ্ট।
মোহাম্মদ কাইফ প্রশংসায় ভাসিয়ে বলেছেন, সূর্যবংশী এখন আর রেকর্ড ভাঙার অপেক্ষায় নেই, বরং নিজেই ক্রিকেট ইতিহাস নতুন করে লিখছেন। আরেক সাবেক ক্রিকেটার এস বদ্রিনাথ স্বীকার করেছেন, এই কিশোরের সাম্প্রতিক পারফরম্যান্স বর্ণনা করার মতো বিশেষণ তার ফুরিয়ে আসছে।
তবে সবচেয়ে জোরালো সমর্থনটি এসেছে সূর্যবংশীর শৈশবের কোচ মনীশ ওঝার কাছ থেকে। তার বিশ্বাস, খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিরল শ্রেণির ক্রিকেটারদের কাতারেই পড়েন এই কিশোর।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে ওঝা বলেন, ‘বৈভব একজন জেনারেশনাল প্লেয়ার। শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, সুনীল গাভাস্কার এবং এমএস ধোনির মতো খেলোয়াড়রা হলেন প্রজন্মের সেরা প্রতিভা, যারা খেলার গতিপথ বদলে দেন।’
বয়সের বিবেচনায় এই অর্জনকে অবিশ্বাস্য বলে অভিহিত করেন তিনি। মজার বিষয় হলো, সূর্যবংশী যখন দোহায় সংবাদের শিরোনাম হচ্ছেন, তার কোচ তখন বিহারের পাটনায় জেননেক্স ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের নিয়মিত কোচিং নিয়েই ব্যস্ত।
মিড-ডে-কে ওঝা বলেন, ‘আমি আমার প্র্যাকটিস সেন্টারে ছাত্রদের কোচিং করাচ্ছি। দোহায় গিয়ে আমি কী করব? এমনকি বৈভবের বাবাও সেখানে যাননি।’
ওঝা জানান, তার শিষ্যের যে ডাবল সেঞ্চুরি করার সামর্থ্য আছে তা তিনি সবসময়ই বিশ্বাস করতেন, তবে এত অবিশ্বাস্য গতিতে তা আসবে সেটি কল্পনাও করেননি।
তরুণ এই ব্যাটারের এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ের পেছনে দারুণ এক ব্যাখ্যাও দিয়েছেন তার কোচ। তার ধারণা, পাকিস্তানের বিপক্ষে ভারতের সাম্প্রতিক পরাজয়ই সূর্যবংশীকে বাড়তি তাগিদ দিয়েছে। ওই ম্যাচে মাত্র ১১ রান করে আউট হয়েছিলেন তিনি।
ওঝা বলেন, ‘তাকে বেশ নির্ভীক মেজাজে দেখা গেছে। পাকিস্তানের বিপক্ষে দ্রুত আউট হয়ে যাওয়ার ক্ষোভ মাথায় কাজ করছিল বলেই হয়তো এমনটা হয়েছে।’
ভারত আবারও পাকিস্তানের মুখোমুখি হলে তার শিষ্য আরেকটি স্মরণীয় ইনিংস খেলে দেশকে শিরোপা জেতাতে সাহায্য করবেন বলে আশা করছেন এই কোচ।
তাৎক্ষণিক উদযাপনের বাইরে সূর্যবংশীর এই ইনিংস ভারতের জাতীয় টি-টোয়েন্টি দলে তার সুযোগ পাওয়ার বিতর্ককেও নতুন করে উসকে দিয়েছে। দলে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার মতো ওপেনার থাকায় এই কিশোর প্রতিভার সুযোগ কিছুটা সীমিত। তবে ওঝার বিশ্বাস, একাদশে নিয়মিত জায়গা পাওয়ার মতো যথেষ্ট যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সূর্যবংশী।
তাৎক্ষণিক দল নির্বাচনের হিসাব-নিকাশের বাইরে গিয়ে আগামী এক-দুই দশকের পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ভারতের টি-টোয়েন্টি একাদশে নিয়মিত জায়গা করে নেওয়ার মতো প্রতিভা, দক্ষতা ও মানসিকতা বৈভবের আছে। সঞ্জু ভালো খেলোয়াড়, কিন্তু সে ধারাবাহিক নয়। তাছাড়া তার বয়স ৩২, ভারতের হয়ে আরও তিন-চার বছর খেলা তার জন্য কঠিন হবে। ভারত যদি আগামী ১০-২০ বছর রাজত্ব করতে চায়, তবে সেভাবেই পরিকল্পনা করতে হবে। বৈভব তার সুযোগটা প্রাপ্য। বেঞ্চে বসে থাকলে সে কখনোই মহান খেলোয়াড় হয়ে উঠতে পারবে না।’
