সাউন্ড গ্রেনেড ছুড়ে পোশাকশ্রমিক তৌফিকের গায়েবানা জানাজা পণ্ড করে দিল পুলিশ

সাউন্ড গ্রেনেড ছুড়ে পোশাকশ্রমিক তৌফিকের গায়েবানা জানাজা পণ্ড করে দিল পুলিশ
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


গাজীপুর মহানগরীতে নিহত পোশাক শ্রমিক তৌফিক শেখের গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেড ও ধাওয়া দিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ।

আজ ৪ঠা নভেম্বর, বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধির চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক শেখের স্মরণে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছিল।

শ্রমিকরা বলেন, দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করা হয়। তবে কর্মসূচি শুরু হতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এসে বাধা দেন এবং উপস্থিত লোকজনকে ঠেলে সরিয়ে দিতে থাকেন।

তারা আরও বলেন, বাধার মুখে আমরা দ্রুত মোনাজাত শুরু করলে মোনাজাত চলাকালেই পুলিশ চড়াও হয় এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা আতঙ্কে দিগ্‌বিদিক ছুটোছুটি করে স্থান ত্যাগ করেন।

ঘটনার বিষয়ে জানতে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Visited 10 times, 10 visit(s) today