বিসিবির বিতর্কিত সাবেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও এম নাজমুল ইসলাম নিয়ে ক্রীড়া সংগঠন করেছে যুদ্ধাপরাধী দল জামায়তে ইসলামী ও তাদের সহযোগি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক জুলাই সহিংসতায় জড়িত নাহিদ ইসলাম।
আহ্বায়কের দায়িত্ব পাওয়া নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেট কোচ, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক। বিকেএসপি ও বিসিবিতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক কোচ এবং বিসিবির সাবেক পরিচালক। তবে বিসিবির এই সাবেক পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার অনেক অভিযোগ আছে। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশের ক্রিকেটকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিশ্বকাপ বর্জনে ভূমিকা রাখেন।
তিনি বিসিবি পরিচালক থাকাকালী অনিয়মের মাধ্যমে ২ কোটি টাকা ডাকসুর ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের হাতে তুলে দেন।
আর সদস্যসচিবের দায়িত্ব পাওয়া নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক। বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত জানুয়ারিতে ক্রিকেটারদের নিয়ে করেছিলেন কটু মন্তব্য, যার কারণে তিনি আলোচনা ও সমালোচনায় আসেন।
এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন আরেক বিতর্কিত মুখ সংগীতশিল্পী আসিফ আকবর।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সালমান জাভেদ, এম. রফিকুল ইসলাম, মো. জহির রায়হান ও খালেক শিকদারকে।
