টুঙ্গিপাড়ায় কলেজের রড-গ্রিল, নির্মাণসামগ্রী চুরির দায়ে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় কলেজের রড-গ্রিল, নির্মাণসামগ্রী চুরির দায়ে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, লোহার অ্যাঙ্গেল, বারান্দার লোহার গ্রিল, ফ্যান, বৈদ্যুতিক সরঞ্জাম, নির্মাণসামগ্রীসহ মূল্যবান মালামাল চুরির দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণ দিয়ে অধ্যক্ষ বলেন, কলেজ সরকারি বন্ধ থাকায় গত ২৭শে অক্টোবর দাপ্তরিক কাজ শেষে দুপুরে আমি বাড়ি ফিরে যাই। পরে পৌনে ৩টার দিকে এক শিক্ষক ফোন করে জানান যে, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তার সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল ও ৩টি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমি দ্রুত কলেজে পৌঁছে ঘটনার সত্যতা পাই।

আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাই কলেজের সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নিয়েছি, বলেন তিনি।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, চুরির মালামালের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। ঘটনার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন।

এছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও এতে উল্লেখ করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী গতরাতে জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার দিনগত রাতে অভিযুক্ত সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। আজ শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এদিকে, কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৌরভ ট্রেডার্স’-এর কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে।

কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন বলে জানান স্থানীয়রা।

এছাড়াও ছাত্রদল সভাপতি সাহেদের বিরুদ্ধে এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Visited 13 times, 1 visit(s) today