উয়েফা নেশনস লিগে জিনেদিন জিদানের কোচিংয়ে জয়ের সূচনা পেল ফ্রান্স, তবে জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা হয়ে এসেছে কিলিয়ান এমবাপের চোট। শুক্রবার তুরস্ককে ১-০ গোলে হারানোর ম্যাচে ফ্রান্সের একমাত্র গোলটি করেন এমবাপেই, কিন্তু হাঁটুতে চোট পেয়ে ব্যথায় কঁকিয়ে উঠে মাঠ ছাড়তে হয় তাকে।
সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া এই ফরাসি তারকা সাবেক কোচ দিদিয়ে দেশমের অধীনে খেলেছিলেন সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে। নতুন কোচ জিদান তাকে বদলে এনেছেন বাঁ উইঙে। আর এই বাঁ প্রান্ত থেকেই জাতীয় দলের হয়ে নিজের ৬৭তম গোলটি পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। মাইকেল ওলিসের পাস নিয়ন্ত্রণে নিয়ে কাছাকাছি পোস্ট দিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ফরাসি ইতিহাসের সর্বোচ্চ এই সংগ্রাহক।
ইস্তাম্বুল থেকে একশ কিলোমিটার দূরের ইজমিতে, কোচায়েলি স্টেডিয়ামে গোল উদযাপনের সময় সতীর্থরা কাছে আসতেই তার মুখে ফুটে ওঠে তীব্র ব্যথার ছাপ।
প্রাথমিক চিকিৎসার পর মাঠে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এমবাপে। কিন্তু কিছুক্ষণ পরই মাটিতে বসে পড়েন এবং বাঁ হাঁটুর বাইরের অংশ স্পর্শ করে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তাকে। শেষ পর্যন্ত তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় দেজিরে দুয়েকে।
সামনে ক্লাবের খেলা শুরুর আগে আগামী ১০ দিনে জাতীয় দলের আরও তিনটি ম্যাচ রয়েছে। এমন মুহূর্তে এমবাপের চোটের গভীরতা কতটা—তা নিয়ে এখন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ দুই শিবিরেই চরম দুশ্চিন্তা।
জিদান নিশ্চিত করেছেন, সুচিকিৎসার জন্য এমবাপেকে হয়তো ক্লাবেই ফেরত পাঠানো হচ্ছে।
ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১-কে জিদান বলেন, ‘খবরটা মোটেও ভালো নয়। দুর্ভাগ্যবশত তাকে ক্লাবে ফিরে যেতে হচ্ছে, কারণ আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। শট নেওয়ার সময় তার হাঁটুতে অনাকাঙ্ক্ষিত মোচড় লেগেছে। পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক মনে হচ্ছে না।’
গত জুলাইয়ের শেষে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল জিদানের প্রথম ম্যাচ। কিন্তু অধিনায়ক ও দলের সেরা তারকার চোট পেয়ে মাঠ ছাড়ার দৃশ্যটি যেন ফিকে করে দিয়েছে এই ১৯৯৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তির ফিরে আসার মুহূর্তকে। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এবারই প্রথম আবার হাই-প্রোফাইল কোচিংয়ে ফিরলেন তিনি।
নিজের অভিষেকে কঠিন পরিস্থিতিতে সাফল্য পাওয়া নিয়ে জিদান আরও বলেন, ‘আজকের রাতটা খুবই আবেগের ছিল। একটা প্রতিকূল পরিবেশে দুর্দান্তভাবে শুরু করতে পেরেছি। মাত্র সাড়ে তিন সেশনের অনুশীলনের পর ছেলেরা যেভাবে খেলেছে, তাতে বেশ কিছু ইতিবাচক দিক নজরে এসেছে। এটা নিঃসন্দেহে উৎসাহজনক।’
বিশ্বকাপের সেমিফাইনালে চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া ফ্রান্স এবার নেশনস লিগের ‘এ১’ গ্রুপে খেলছে। সোমবার ব্রাসেলসে তাদের পরবর্তী প্রতিপক্ষ বেলজিয়াম, যারা শুক্রবার ইতালিকে তাদের ঘরের মাঠেই ২-০ গোলে হারিয়েছে।
খেলোয়াড় হিসেবে ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হয়েছিল জিদানের আন্তর্জাতিক ক্যারিয়ার। সেই ইতালির সঙ্গেই আগামী শুক্রবার স্তাদ দ্য ফ্রান্সে কোচের ভূমিকায় ঘরের মাঠে অভিষেক হবে তার।
একাদশ নির্বাচনের ক্ষেত্রে বিশ্বকাপে খেলা পরিচিত দলটিতে খুব বেশি পরিবর্তন আনেননি জিদান। তবে একাদশে জায়গা পেয়েছেন বোর্নমাউথের লেফট-ব্যাক অ্যাড্রিয়েন ত্রুফাত ও ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি।
ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিস। কিন্তু তার দুর্দান্ত শটটি দারুণ দক্ষতায় ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন তুর্কি গোলরক্ষক উগুরকান চাকির।
দ্বিতীয় অর্দের শুরুতেই দারুণ এক সেভে ফ্রান্সকে রক্ষা করেন গোলরক্ষক মাইক মানিয়াঁ। আব্দুলকেরিম বারদাকচির শট তিনি আটকে দেন। তুরস্ক বিশ্বকাপে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারালেও নিজেদের গ্রুপে সবার নিচে থেকে আসর শেষ করেছিল।
মানিয়াঁর সেই সেভের কিছু পরেই আসে এমবাপের কাঙ্ক্ষিত গোল। এরপর ফরাসি রাইট-ব্যাক জুলেস কুন্দের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত। ম্যাচের শেষদিকে ১০ জনের দলে পরিণত হয় তুরস্ক।
বদলি ফরাসি ফরোয়ার্ড ব্রাডলি বারকোলা ফাঁকায় বল পেয়ে প্রতিপক্ষ বক্সের দিকে ছুটে গেলে বিপজ্জনকভাবে বক্সের বাইরে এসে তাকে বাধা দেন তুর্কি গোলরক্ষক চাকির। জার্মান রেফারি ফেলিক্স সোয়ায়ার প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও, ভিএআর (VAR) রিভিউ দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন। বক্সের বাইরে বল হাত দিয়ে স্পর্শ করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চাকিরকে।
সাবেক ইতালি তারকা ভিনচেঞ্জো মনতেলার অধীনে খেলা তুরস্ক সোমবার তাদের পরবর্তী ম্যাচে ইতালির মুখোমুখি হবে।
Visited 5 times, 1 visit(s) today
