স্থানীয় প্রতিনিধি
কুমিল্লা: সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, তার কোনো কর্মীর গায়ে হাত তোলা হলে কঠোর জবাব দেওয়া হবে। গতকাল এক অনলাইন আলোচনায় এই হুঁশিয়ারি দেন তিনি।
বাহার বলেন, “কুমিল্লা বিএনপির ভাইয়েরা, একটু শান্ত হোন। আমার কোনো কর্মির গায়ে হাত তুলবেন না। আজ ৬ই জুনের পরে যদি আমার কোনো কর্মির গায়ে হাত তোলা হয়, তাহলে আমি কর্মিদের বলবো শুধু মনে মনে লিস্ট করে রাখো।”
তিনি আরও বলেন, কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর প্রায় দুই বছর ধরে হত্যা-নির্যাতন চালানো বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের উদ্দেশ্যে কোনো ছাড় দেওয়া হবে না। “এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না কাউকে, এক ইঞ্চি না। ১৭ বছরে কাউকে কিছু বলিনি, নিজের বুকের মধ্যে রেখেছি সকল দলের কর্মীদের, খালি জামাত ছাড়া,” বলেন বাহার।
বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে কুমিল্লা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। বক্তব্যের পরের দিনই রবিবার (৭ জুন) কুমিল্লা উত্তর ছাত্রলীগের আয়োজনে নগরীতে এ যাবতকালের সবচেয়ে বড় মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে শত শত নেতা-কর্মী অংশ নেন। ‘জয় বাংলা’, ‘জয় শেখ হাসিনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে।
স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে এই বড় ধরনের সমাবেশ করা হয়েছে। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সতর্ক অবস্থান নেওয়ার বার্তাও দেওয়া হয় মিছিল থেকে।
এদিকে, বাহাউদ্দিন বাহারের বক্তব্যের প্রতিক্রিয়ায় কুমিল্লা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
