সান সিরোর গ্যালারি তখন উৎসবের অপেক্ষায়। অপেক্ষার অবসান হলো পরমার বিপক্ষে ২-০ গোলের দাপুটে এক জয়ে। আর এই জয়ের মধ্য দিয়েই গত ছয় মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো ইতালিয়ান সিরি এ শিরোপা নিজেদের করে নিল ইন্টার মিলান।
ম্যাচের প্রথমার্ধের অন্তিম মুহূর্তে মার্কাস থুরামের বুদ্ধিদীপ্ত ফিনিশ ইন্টারকে এগিয়ে দেয়। এরপর দ্বিতীয়ার্ধে হেনরিখ মখিতারিয়ানের লক্ষ্যভেদে নিশ্চিত হয় ইন্টারের ‘স্কুডেটো’ জয়। লিগে এখনো তিন ম্যাচ বাকি থাকলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেছে ইন্টার। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের সঙ্গে তাদের ব্যবধান এখন ১৫ পয়েন্টের।
এটি ইন্টার মিলানের ইতিহাসে ২১তম লিগ শিরোপা। তবে এই জয়টি বিশেষ গুরুত্ব বহন করছে কোচ ক্রিশ্চিয়ান কিভুর জন্য। গত গ্রীষ্মে যখন তিনি দায়িত্ব নেন, তখন এই উচ্চতায় কোচিং করানোর অভিজ্ঞতা তার খুব একটা ছিল না। গত মৌসুমের শেষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলের ভরাডুবি আর মাত্র এক পয়েন্টের জন্য লিগ শিরোপা হারানোর ট্রমা কাটিয়ে ইন্টারকে আবার শীর্ষে ফেরানোর কারিগর কিভুই।
সিমোনে ইনজাগি যখন লোভনীয় প্রস্তাবে সৌদি আরবে পাড়ি জমান, তখন কিভুর ওপর ভরসা রাখা ছিল ক্লাবের জন্য একটি বড় ঝুঁকি। কিন্তু সাবেক এই ইন্টার তারকা প্রমাণ করেছেন তার যোগ্যতা। ধাপে ধাপে বদলে দিয়েছেন দলের চেহারা।
ইন্টারের সামনে এখন নতুন ইতিহাস গড়ার হাতছানি। আগামী ১৩ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে লাৎসিওকে হারাতে পারলে তৃতীয়বারের মতো লিগ ও কাপ ডাবল জয়ের স্বাদ পাবে ‘নেরাজ্জুরি’রা।
