রাশিয়ান তেল শোধনাগারে তৃতীয়বার ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ান তেল শোধনাগারে তৃতীয়বার ইউক্রেনের ড্রোন হামলা
শেয়ার করুন

❐ আন্তর্জাতিক ডেস্ক


রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত তুয়াপসে তেল শোধনাগারে এই মাসে তৃতীয়বারের মতো ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত দুই সপ্তাহে একই শোধনাগারে দুটি পৃথক হামলায় সমুদ্রে বড় ধরনের তেল দূষণ ঘটে। স্থানীয়রা জানান, শহরের ওপর “কালো বৃষ্টি” পড়েছে এবং চারদিকে তৈলাক্ত আবরণ জমে গেছে।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, আগুন নেভাতে ১৬০ জনেরও বেশি দমকল কর্মী মাঠে নামানো হয়েছে। তিনি এই পরিস্থিতিকে “অত্যন্ত কঠিন” বলে বর্ণনা করেন এবং উদ্ধারকর্মীদের প্রচেষ্টাকে “প্রকৃত বীরত্ব” আখ্যা দেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসনিক প্রধান সের্গেই বয়কো কাছের রাস্তার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান। একটি স্থানীয় বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক সংকট কেন্দ্র সতর্ক করে বলেছে, তীব্র আগুনের কারণে বায়ুমণ্ডলে বিষাক্ত দহন উপজাত ছড়িয়ে পড়ছে। বাসিন্দাদের মাস্ক পরতে, নাক-চোখ-গলা ধুয়ে নিতে, জানালা বন্ধ রাখতে এবং বাইরে কম সময় কাটাতে পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবেশ সাংবাদিক আনাস্তাসিয়া ত্রোয়ানোভা জানান, শহরের আকাশজুড়ে বিশাল কালো ধোঁয়ার মেঘ ছেয়ে গেছে এবং পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে।

মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জরুরি ভিত্তিতে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে তুয়াপসেতে পাঠান। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, ইউক্রেন রপ্তানির জন্য ব্যবহৃত তেল সংরক্ষণ স্থাপনায় হামলা করে বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থির করছে। ক্রেমলিন আরও অভিযোগ করে যে, এই হামলাগুলো আন্তর্জাতিক বাজারে তেল সংকট বাড়াচ্ছে।

অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করে বলেছে, এই শোধনাগারগুলো রাশিয়ার যুদ্ধ অর্থায়নে সরাসরি ভূমিকা রাখছে। কিয়েভের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই এ ধরনের জ্বালানি অবকাঠামো বৈধ সামরিক লক্ষ্যবস্তু।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ শক্তি স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে।

এদিকে, পাল্টা হামলায় রাশিয়ার ড্রোন কিয়েভে আঘাত হানলে একজন আহত হয়েছেন বলে মেয়র ভিতালি ক্লিচকো নিশ্চিত করেছেন। একটি কবরস্থানসহ বেশ কয়েকটি স্থানে আগুন লাগার খবরও পাওয়া গেছে।

Visited 5 times, 1 visit(s) today