আওয়ামী লীগের কার্যক্রম শুরু হলেই রাজনীতিতে ব্যস্ত হবেন সাকিব

আওয়ামী লীগের কার্যক্রম শুরু হলেই রাজনীতিতে ব্যস্ত হবেন সাকিব
শেয়ার করুন

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে বন্ধ থাকায় ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। দলের রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু হলে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সম্প্রতি ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই অলরাউন্ডার।

সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘রাজনীতি তো আমৃত্যু করা যায়, সেখানে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। আমি এখন সেটিই ঠিক করার চেষ্টা করছি। যেহেতু আমাদের দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নেই, সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার।’

রাজনীতিকে মানুষের সেবা করার বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখেন উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতি থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে, সব সময় থাকবে।’

দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাকিব বলেন, ‘পরিস্থিতি সব সময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়।’

সাকিব মনে করেন যেভাবেই হোক দেশে একটা সরকার আছে। তারা সবাইকে নিয়ে কাজ করলেই দেশের উন্নতি সম্ভব, ‘একটা নতুন সরকার এসেছে, যেভাবেই আসুক। আসার সঙ্গে সঙ্গেই তাদের সামনে এখন বড় একটা চ্যালেঞ্জ। এই মুহুর্তে আমার মনে হয় তাদের অনেক বড় দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা। মুখে বলা আর কাজে করার পার্থক আছে। সবাইকে নিয়ে যদি কাজ করতে পারে তাহলে সমস্যা থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে। ‘

দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা এই ক্রিকেটার দ্রুত দেশে ফেরার ইচ্ছাও পোষণ করেন। নিজের বিরুদ্ধে থাকা আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সব সময়ই আশাবাদী মানুষ। আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব যদি আমি সমাধান করতে পারি… না হলে হয়ত সময় লাগবে। তবে আমি চেষ্টা করছি দ্রুত যেন সমস্যাগুলোর সমাধান করতে পারি। বিষয়গুলো যত দ্রুত সমাধান হবে, আমি তত দ্রুতই ফিরতে পারব।’

রাজনীতি ও ক্রিকেট থেকে দূরে থাকার এই সময়টাকে পরিবারের সঙ্গে ব্যয় করছেন বলে জানান সাকিব। একে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। সাকিব বলেন, ‘এখন পরিবারকে সময় দিচ্ছি। তাদের সঙ্গে সময় কাটানো এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ পাচ্ছি, এটা ইতিবাচক এক দিক।’

২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হচ্ছেন।

 

 

Visited 20 times, 1 visit(s) today