❐ নিজস্ব সংবাদদাতা
উগ্রবাদীদের আস্ফালন এবং তার সাথে সহমত পোষণের পর ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রার নামের ওপর খড়গ নেমে এসেছিল। মঙ্গল শোভাযাত্রা’র ‘মঙ্গল’ হিন্দুয়ানী শব্দ- অভিযোগে ‘মঙ্গল’-এর স্থলাভিষিক্ত হয় ‘আনন্দ’। এবার বিএনপি সরকারের সময় সেই ‘আনন্দ’ কাটা পড়ল।
বর্ষবরণের শোভাযাত্রার নতুন নাম হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’, জানালেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, আনন্দ ও মঙ্গল শোভাযাত্রা একই অর্থ বহন করে। এবারের নববর্ষের শোভাযাত্রা হবে বৈশাখী শোভাযাত্রা নামে। এটি সর্বস্তরের সাধারণ মানুষ ও কৃষকের উৎসব।
আজ ৪ঠা এপ্রিল, শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে মহম্মদপুর উপজেলা আধুনিক ডাকবাংলোর ডুপ্লেক্স বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের যারা ভোট দিয়েছে আমরা তাদের কাজ করব, যারা আমাদের ভোট দেয়নি তাদেরও কাজ করব। ক্ষমতার অপব্যবহার যারা করবে তাদের আমরা কোনোক্রমেই সহ্য করব না। সবাই মিলে বিএনপিকে সফল করতে চাই। যদি বিএনপিকে সফল করতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি তবে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ডাইনামিক মানুষ। আমরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত হবো না। আমরা দুর্নীতিও করব না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। মাদকের বিরুদ্ধে আমরা কম্প্রোমাইজ করব না। মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান ও আমিনুল ইসলাম পিকুল খানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, মাগুরার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসীনা মমতাজ বেগমসহ প্রমুখ।
