এক পর্যায়ে উড়তে থাকা পাকিস্তানের ডানা ছেঁটে নাগালে থাকা লক্ষ্য পেয়েছিলো বাংলাদেশ। তবে রান তাড়ায় বাংলাদেশের ব্যাটাররা করলেন অদ্ভুত ব্যাটিং। এক লিটন দাস ছাড়া কারো ব্যাটেই মিলল না লড়াইয়ের তাড়না।
শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ডিএলএস মেথডে পাকিস্তান জিতেছে ১২৮ রানে। আগে ব্যাট করে ২৭৪ রান করে দলটি। এক পর্যায়ে মনে হচ্ছিলো তারা অনায়াসে তিনশো পার করে বিশাল পুঁজি গড়বে। সেটা না হলেও এই রানেই বড় জয় এসেছে। বৃষ্টির কারণে ৩২ ওভারে নেমে আসা ম্যাচ বাংলাদেশ অলআউট হয়েছে ঠিক ১১৪ রানে। ঠিক আগের ম্যাচে পাকিস্তান এই রানে গুটিয়ে গিয়েছিলো।
এই জয়ে পাকিস্তান সিরিজে ১-১ সমতা এনেছে। রবিবার একই ভেন্যুতে সিরিজের ফয়সালা নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়। মায সাদাকাত ৪৬ বলে ৭৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। এটি তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি। এছাড়া সালমান আলী আঘা ৬২ বলে ৬৪ রান করেন। তার রান আউট নিয়ে হয় বিতর্ক।
বড় লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ শুরুতেই বিপর্যয়ে পড়ে। মাত্র ২৭ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। এরপর প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে।
খেলা পুনরায় শুরু হলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়।
লিটন ৩৩ বলে ৪১ রান করে বাংলাদেশকে কিছুক্ষণ লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন। তাওহীদ হৃদয় করেন মন্থর ব্যাটিং। ওভারপ্রতি দশের উপর রান নেওয়ার চাহিদায় ৩৮ বল খুইয়ে করেন ২৮। দলে ফেরা আফিফ হোসেনও ছিলেন ব্যর্থ। মূলত ১৩তম ওভারে মাযের বলে লিটন বিদায় নেওয়ার পর বাংলাদেশের ইনিংস দ্রুত তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
স্বাগতিকরা মাত্র ২৩.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হারের স্বাদ পায়।
পাকিস্তানের বোলারদের মধ্যে মায ২৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা সাফল্য পান। আবরার আহমেদের পরিবর্তে খেলতে নামা হারিস রউফ ২৬ রানে ৩ উইকেট নেন। শাহীন শাহ আফ্রিদিও শিকার করেন দুই উইকেট।
এর আগে পাকিস্তানের দুই ওপেনার মায ও সাহেবজাদা ফারহান দারুণ শুরু করেন। তারা মাত্র ১৩ ওভারে ১০৩ রান যোগ করার পর মেহেদী হাসান মিরাজ মাযকে আউট করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দেন।
ফারহান ৩১ রানে ফেরার পর শামিল হোসেনও মাত্র ৬ রানে বিদায় নেন। তাসকিন আহমেদ ও নাহিদ রানা একটি করে উইকেট নেন।চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান (৪৪) ও সালমান আলী আগা ১০৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে যান।
তবে সালমানের একটি নাটকীয় রান-আউট ধসের সূত্রপাত ঘটায়। পাকিস্তান শেষ ৭ উইকেট হারায় মাত্র ৪৩ রানে এবং পুরো ৫০ ওভার ব্যাটিং করতে ব্যর্থ হয়। সেই অদ্ভুত আউটের ঘটনাটি ঘটে যখন রিজওয়ান মিরাজের একটি ফ্ল্যাটার ডেলিভারি বোলারের ডান দিকে ঠেলে দেন। মিরাজ বলটি তার বুট দিয়ে থামান, আর সালমান ঠিক তার পথেই দাঁড়িয়ে ছিলেন। বলটি তাদের পায়ের কাছে থেমে গেলে সালমান ক্রিজ থেকে বেরিয়ে নিচু হয়ে সেটি মিরাজকে ফেরত দেওয়ার জন্য হাতে তুলে নেন। বাংলাদেশের অধিনায়ক দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে বলটি লুফে নিয়ে স্টাম্পে ছুঁড়ে মারেন, যখন সালমান ক্রিজের বাইরে ছিলেন।
অন-ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ সিদ্ধান্তটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। তৃতীয় আম্পায়ার নিশ্চিত করেন যে বলটি তখনও ‘ইন প্লে’ ছিল এবং মিরাজের কাজ বৈধ ছিল।
সালমান এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন এবং ড্রেসিংরুমে ফেরার সময় লিটন দাসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়।
