ভারতের বিপক্ষে ফুটবলে সর্বশেষ ২০০৩ সালে জিতেছিলো বাংলাদেশ। ২২ বছরে এরপর চারবার ড্র করলেও জয় ধরা দেয়নি। অবশেষে এলো সেই মুহুর্ত। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
১১ মিনিটে দলের হয়ে জয়সূচক গোল করেন শেখ মোরসালিন। একাদশ মিনিটে স্বাগতিকরা গোল পায়। মাঝমাঠ থেকে প্রায় ৪০ গজ দৌড়ে এসে রাকিব হোসেন পরপর কয়েকজন ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে নিচু পাস বাড়ান। তার নিখুঁত ডেলিভারি পেয়ে মোরসালিন দ্বিধাগ্রস্ত গুরপ্রীত সিং সান্ধুর পায়ের ফাঁক দিয়ে বল জালে ঠেলে দেন। ভারতের গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় স্বাগতিক দল।
ম্যাচের বাকিটা সময় একচেটিয়া ফুটবল খেলে ভারত। একের পর এক আক্রমণে করে স্বাগতিক দলকে ফেলতে থাকে চাপে। তবে চাপ তৈরির পরও গোল পায়নি তারা।
দুই দলই যেহেতু ২০২৭ সালের মূল পর্বে জায়গা করে নেওয়ার দৌড় থেকে আগেই ছিটকে গেছে, তাই লড়াইটা ছিল সম্মানের। এখনো একটি করে ম্যাচ বাকি আছে—বাংলাদেশ আগামী মার্চে সিঙ্গাপুরের মাঠে শেষ ম্যাচ খেলবে।
এই জয় বাংলাদেশের বছরের দ্বিতীয় জয়; এর আগে জুনে ভুটানকে ২-১ ব্যবধানে হারিয়েছিল দলটি প্রস্তুতি ম্যাচে।
