নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী ৭২-এর সংবিধান টিকিয়ে রাখতে চায় বিএনপি। তারা এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে। সেই পাহারাদারকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।”
আজ সোমবার দুপুরে পটুয়াখালী পৌর শহরের মার্কেট হাউজের সামনে জুলাই পদযাত্রার কর্মসূচিতে পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, যখন আমরা প্রতিটি জেলায় যাচ্ছি, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের যথাযথ জবাব দেওয়া হবে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করেছিল, এখন সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেনাবাহিনী, আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ডিজিএফআই থেকে শুরু করে, বাংলাদেশের স্টাবিলিশমেন্টগুলো আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টির করছে।
নাহিদ আরও বলেন, শত্রু শুধু দেশের ভেতরে নয়, দেশের বাইরেও রয়েছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আমাদের মধ্যে বিভাজন করছে, যেন আমরা দুর্বল থাকি।
এ সময় আরও বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তর) সার্ভিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, খান তালাত মাহমুদ রাফি ও মুজাহিদ শাহীনসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
