নিজস্ব প্রতিবেদক | ৮ই মে, ২০২৫
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগে প্রধান উপদেষ্টার সম্মতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার সম্মতি রয়েছে—এমন অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
৮ই মে,বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাশেদ খান।
রাশেদ বলেন, আমরা জানি, প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে ও স্বরাষ্ট্র উপদেষ্টার সহায়তায় রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন। এ অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারির কাছে এ বিষয়ে স্মারকলিপি দেয়া হয়েছে।
এর আগে, প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি ছাত্র উপদেষ্টাদেরও পদত্যাগ দাবি করেন রাশেদ খান।
তিনি বলেন, “সরকার যদি সত্যিকার অর্থে নিরপেক্ষতা বজায় রাখতে চায়, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা ও দুই ছাত্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ে যেভাবে ছাত্র প্রতিনিধিরা সক্রিয়, তাতে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”
গণ অধিকার পরিষদ প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে রাশেদ খান বলেন, “আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তা তাদের দলীয় সিদ্ধান্ত—প্রধান উপদেষ্টার এই মন্তব্য গ্রহণযোগ্য নয়। সরকারের ভূমিকা যদি নিরপেক্ষ না হয় এবং একটি মৌলিক ঐকমত্য না আসে, তাহলে আগামী আন্দোলনের রূপ হবে জাতীয় সরকার গঠনের দাবিতে, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে।”
তিনি আরও জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে এবং প্রয়োজনে তা আরও বিস্তৃত করা হবে।
