স্থানীয় সংবাদদাতা
দেশজুড়ে শিশু ধর্ষণের যেন মচ্ছব লেগেছে। মাত্র ৪-৫ বছরের শিশুও নিরাপদ নয়, অভিভাবকরা রয়েছেন উদ্বেগে।
এবার ঢাকার কেরানীগঞ্জের আটি বাজার সংলগ্ন নয়াবাজার গ্রামে নিজ বাড়ির সামনে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
১৬ই মার্চ, রোববার এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে আজ সকালে বলেন, গত রাতে ধর্ষণে অসুস্থ অবস্থায় কেরানীগঞ্জ থেকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে।
এ ঘটনা কেরানীগঞ্জ থানা-পুলিশকে অবহিত করা হয়েছে হয়েছে বলে জানান মো. ফারুক।
শিশুটির ফুফু বলেন, আমার ভাতিজি নার্সারিতে পড়ে। রোববার দুপুরে বাড়ির পাশে খেলার সময় রবিন নাম এক যুবক তাকে ফুসলিয়ে একপাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
তিনি জানান, রক্তক্ষরণ দেখে তার বাবা-মা বিষয়টি বুঝতে পারে। শিশুটিকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছ থেকেই রবিনের জড়িত থাকার কথাটি জানতে পারে বাবা-মা।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত রবিনকে কেরানীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
