চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের ধাক্কার মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন এই আসরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্টিভেন স্মিথ। এই তারকা ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচটিই ছিল তার বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।
গতকাল ম্যাচ শেষে, স্মিথ তার সতীর্থদের কাছে এই আকস্মিক সিদ্ধান্তের কথা জানান। তবে, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি খেলা চালিয়ে যাবেন।
২০১০ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটার পর, স্মিথ মোট ১৭০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তার মোট রান ৫৮০০, যার মধ্যে ১২টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে। শেষ ম্যাচেও তিনি ৭৩ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন।
স্মিথ সরে দাঁড়াচ্ছেন ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে তরুণদের সুযোগ দিতে। ৩৫ পেরুনো স্মিথের মতে সরে যাওয়ার এটাই আদর্শ সময়।
ওয়ানডে থেকে বিদায় নিয়ে টেস্ট ক্যারিয়ার আরো লম্বা করতে চান তিনি। আসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন।
