টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে লালন স্মরণোৎসব বন্ধ

টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে লালন স্মরণোৎসব বন্ধ
শেয়ার করুন

নিজিস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হেফাজতে ইসলামের আপত্তির মুখে স্থগিত করা হয়েছে লালন স্মরণোৎসব-২০২৫। গত বুধবার রাতে মধুপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে ফকির লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

মধুপুর লালন সংঘের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন। তবে হেফাজতে ইসলামের আপত্তির কারণে অনুষ্ঠানের আয়োজন বাতিল করা হয়।

এ বিষয়ে উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া ফেসবুকে লিখেছেন, “হঠাৎ করেই খবর পাই মধুপুর হেফাজতে ইসলাম আমাদের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছে।” তিনি জানান, গতকাল এক আলোচনা সভায় হেফাজতের নেতারা তাদের আপত্তির বিষয়টি তুলে ধরেন। আলোচনায় মধুপুর উপজেলা হেফাজতের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ, কওমি উলামা পরিষদের সভাপতি সোলায়মান কাসেমীসহ ১০-১৫ জন নেতার উপস্থিতি ছিল।

সবুজ মিয়া আরও জানান, “আমরা জানিয়ে দিয়েছি যে, আমাদের অনুষ্ঠানটি লালন সাঁইজির মতাদর্শ প্রচারের উদ্দেশ্যে নয়। এটি একটি বিনোদনমূলক অনুষ্ঠান, যেখানে লালনের গান ও মতাদর্শ নিয়ে কোনো আলোচনা করা হবে না। আমরা যে গানগুলো পরিবেশন করতে চেয়েছিলাম, হেফাজত নেতাদের আপত্তি সে গানগুলো অনুষ্ঠানে পরিবেশন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে একপর্যায়ে হেফাজত নেতারা লালন বাদ দিয়ে সাধারণ কনসার্ট আয়োজন করতে বললেও পরে জানান, তারা কোনোভাবেই অনুষ্ঠান হতে দেবেন না।

এ বিষয়ে হেফাজতের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ বলেন, “ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আমরা ভ্রান্ত লালন মতাদর্শ প্রচারে আপত্তি জানিয়েছি।”

অন্যদিকে, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানান, “আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে মঙ্গলবার রাতে আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।” তিনি আরও বলেন, “এই ধরনের আয়োজনের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। মধুপুর লালন সংঘ প্রশাসনকে না জানিয়ে এই আয়োজন করেছিল।”

এখনো স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির মধ্যে সমাধানসূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে।

Visited 117 times, 1 visit(s) today