আরিফুল ইসলাম সাব্বির
গাজীপুরের রাজবাড়ি মাঠে ’জাহাঙ্গীরের লোক’ সন্দেহে একজনকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাকে যখন নিয়ে যাচ্ছিল সেটির ফুটেজ ধারণ করি। তারপর ফিরে যাচ্ছিলাম, এরইমধ্যে একদল নেতাকর্মী এসে ছবি তুললি কেন, ডিলিট কর বলে মব তৈরি করে। সঙ্গে সঙ্গে তাদের দেখিয়ে ফুটেজ ডিলিট করি। এরপর বের হতে যাই, আরও কয়েকজন এগিয়ে এসে ট্র্যাশ থেকে ডিলিট করতে বলে। তাদের সামনে ডিলিট করতে করতেই কয়েকজন পিঠে ধাক্কা দিতে থাকে, উপর্যুপরি মারধরেরও চেষ্টা করে কয়েকজন।
ডিলিট করার পর সেখানে থাকা ২-৩ জন কলেজছাত্র সেখান থেকে বের করে সড়ক পর্যন্ত এগিয়ে দেয়।
পুরো সময় আমার গলায় অফিসের কার্ড ও হাতে বুম ছিল। তারা সময় টিভি ভুয়া রিপোর্ট করেছে, টেলিভিশন চ্যানেলগুলো জাহাঙ্গীরের কাছ থেকে টাকা খায় এসব বলছিল।
সড়কে আসার পর ২-৩ জন যু্বক এসে দুঃখপ্রকাশ করে। ইটিভি তাদের পাশে আছে, ওরা বুঝতে পারেনি এসব বলে। এরমধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম সড়কে উপস্থিত হন। উপস্থিত ছিলেন জিএমপি কমিশনারও। এসবে পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ি।
এই ঘটনায় আমি কোনো প্রতিকার চাই না। আমার অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়নি। কারণ এটাই স্বাভাবিক পরিবেশ। যে যে কাউকে আঘাত, আক্রমণ করতে পারে এটাই বাস্তবতা। তবে প্রকৃতির বিচার খুব মারাত্মক। সে কোনো ঋণ রাখে না। ফিরিয়ে দেয়। আমি বিশ্বাস করি তেমনটা ঘটবে। যেমন প্রকৃতির কঠিন বিচারের মুখোমুখি আওয়ামী লীগ।
লেখাটা স্মৃতিস্মারক হিসেবে রইলো।
৮.২.২৫, শনিবার
ঢাকা-চন্দ্রা মহাসড়ক, গাজীপুর।
