জুতা পায়ে শহিদ মিনারে ওঠার প্রতিবাদ করা দুই শিক্ষার্থীকে পেটালেন জবি ছাত্রদল নেতা

জুতা পায়ে শহিদ মিনারে ওঠার প্রতিবাদ করা দুই শিক্ষার্থীকে পেটালেন জবি ছাত্রদল নেতা
শেয়ার করুন
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শহিদ মিনারে জুতা পায়ে ওঠার প্রতিবাদ করায় ছাত্রদল নেতাদের হাতে নারীসহ দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন।

আহতরা হলেন রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না তাবাসসুম ও আকাশ আলী। আহতদের মধ্যে আকাশকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার, ২৯শে জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, শাখা ছাত্রদলের নেতা ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাশ হামলার নেতৃত্ব দেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেতের সহযোগী বলে জানা গেছে। অনিকের সঙ্গে আরও ১৫-২০ জন শিক্ষার্থী এ ঘটনায় অংশ নেয়, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, এক নারী ও এক পুরুষ শিক্ষার্থী জুতা পায়ে শহিদ মিনারে ওঠেন। এসময় আকাশ আলী নামের এক শিক্ষার্থী আপত্তি জানালে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জুতা পায়ে বেদিতে ওঠা মেয়েটির বন্ধু মাহী আকাশকে ধাক্কা দিতে গেলে আকাশ তা প্রতিহত করে। এরপর মাহী তার বন্ধু অনিককে ফোন দেয়। দুই মিনিটের মধ্যে ছাত্রদল নেতা অনিক দলবলসহ এসে আকাশের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের সময় আকাশের সঙ্গে থাকা তামান্না তাবাসসুমও আক্রান্ত হন।

আহত শিক্ষার্থী আকাশ বলেন, “আমরা বিভাগের প্রোগ্রামের জন্য স্টেজের কাজ করছিলাম। বিদ্যুৎ চলে গেলে চা খেতে নিচে আসি। তখন দেখি এক নারী শিক্ষার্থী ও তার সঙ্গী জুতা পায়ে শহিদ মিনারে উঠেছেন। আমি প্রতিবাদ করলে মেয়েটি বলেন, ‘আমার ইচ্ছা, তাই উঠেছি।’ এরপর তার সঙ্গী আমার ওপর চড়াও হয়। পরে সে তার বন্ধু ছাত্রদল নেতা অনিককে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যেই অনিক ও তার সহযোগীরা এসে আমার ওপর হামলা চালায়।”

তিনি আরও জানান, “তারা শহিদ মিনারের সামনে ও গণিত বিভাগের সামনে কয়েক দফা হামলা চালায়। আমার বুকে ঘুষি, পেটে লাথি মারে এবং শহিদ মিনারের বাঁশ দিয়েও আঘাত করে। আমাকে বাঁচাতে গিয়ে আমার বান্ধবী তামান্না ও বন্ধু বাসারও আহত হয়েছে।”

অভিযুক্ত ছাত্রদল নেতা অনিক দাবি করেন, “আমার বন্ধু মাহী আমাকে ফোন দিলে আমি শহিদ মিনারে যাই। সেখানে গিয়ে দেখি, মাহী ও আকাশের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আমি অসুস্থ থাকায় পেছনে ছিলাম, বাকিরা গিয়ে আকাশকে মেরেছে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “এটি বিভাগের শিক্ষার্থীদের বিষয় বলে শুনেছি। ছাত্রদলের কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখবো।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “সন্ধ্যায় শহিদ মিনারে মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। সহকারী প্রক্টর ফেরদৌস স্যার তাৎক্ষণিক উপস্থিত ছিলেন। রসায়ন বিভাগের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রদল নেতা অনিক গত জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধনে বাধা দেওয়ার চেষ্টা এবং মানবাধিকার কর্মীদের হুমকি প্রদানের অভিযোগেও অভিযুক্ত ছিলেন।

Visited 29 times, 1 visit(s) today